ভোটে জিততেই বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের অফিস খুলল পঞ্চগড়ে, বিতর্ক

ঢাকা: ভোটের ফল বেরোতেই পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

জানা গেল, বৃহস্পতিবার সকালে চাকলা বাজারে গিয়ে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে কয়েকজন জানান, আওয়ামী লীগ অফিসে তালা দেওয়া নিয়ে উত্তেজনা চলছে। তিনি তখন বলেন, উত্তেজনা তৈরি করা যাবে না, সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকবেন। পরে তালা খুলে দিতে বলা হয়। তাঁর দাবি, জামায়াতের লোকজন তালা দিয়েছিল, তারাই আবার খুলে দিয়েছে। বিষয়টি মূলত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য, কোনও দলীয় সিদ্ধান্ত নয়।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) বক্তব্য রাখছেন। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (স্বপন)। সামনে অন্তত ৩০ জন মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিওতে কামরুজ্জামান বলেন, বিএনপি সরকার গঠনের পথে, আর এই মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রথমেই চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসকে তালামুক্ত করেছেন। তিনি আরও বলেন, যারা স্বাধীনতার পক্ষের দলগুলিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সেই অফিস আজ অবমুক্ত হলো। এজন্য তিনি আবু দাউদ প্রধানকে কৃতজ্ঞতা জানান।

ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনা শুরু হয়েছে। সাবেক ছাত্রদল নেতা ও জাসাস নেতা ইউনুস শেখ মন্তব্য করেছেন, বিএনপি সভাপতিকে কে দায়িত্ব দিল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, তা তাঁর বোধগম্য নয়। উল্লেখ্য, পঞ্চগড়–১ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

About The Author