ভাইরাল ভিডিও: লোকসভায় বৃহস্পতিবারের অধিবেশনে এক মজার দৃশ্য ধরা পড়ল। উত্তরপ্রদেশের আজাদ সমাজ পার্টির সাংসদ অ্যাডভোকেট চন্দ্রশেখর যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় পিছনের সারিতে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে দেখা যায় দলেরই সাংসদ জুন মালিয়ার সঙ্গে আলাপচারিতায় মগ্ন। দু’জনের মুখে হাসি, স্বতঃস্ফূর্ত ভঙ্গি! ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই।
এই দৃশ্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ মজা করে লেখেন, “আসল অধিবেশন তো পিছনেই হচ্ছে।” আবার কেউ মন্তব্য করেন, “ভালবাসার সপ্তাহে এমন দৃশ্য বেশ লাগে।” সৌগত রায়ের ক্ষেত্রে এমন ছবি নতুন নয়। তিনি বরাবরই পরিচিত তাঁর রসবোধ ও নির্ভার ভঙ্গির জন্য। কয়েক দিন আগেই তাঁকে দেখা গিয়েছিল নন্দনে একটি প্রদর্শনীতে মুঠো মুঠো চানাচুর খেতে। আবার ভোটের প্রচারে মঞ্চে রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।

