প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হেরে গেলেন ভাইরাল তাহেরী

ঢাকা: সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ তাঁর বক্তব্য। ইসলামিক ওয়াজের ফাঁকে তাঁর নানান কথা মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে আলোচিত হন তাহেরী। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে পেরে উঠলেন না ভাইরাল বক্তা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী তাহেরী বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বাংলাদেশের হবিগঞ্জ–৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে তাহেরী। মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ফলে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তাহেরী।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে ১৮৩টির ফলাফল পাওয়া গেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৩৯। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ২৬টি। ফলাফল ঘোষণার পর এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা।

About The Author