কলকাতা: তারেক রহমানকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের জনগণকে আগাম রমজান মোবারক জানিয়ে দুই বাংলার সুসম্পর্কের বার্তা দিলেন মমতা।
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পথে এগোচ্ছে বিএনপি বলে প্রাথমিক ফলাফলের প্রবণতা জানাচ্ছে। এই পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বাংলাদেশের জনগণকে আগাম রমজান মোবারক জানান। মমতা লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক।”
এর পরই তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান। মমতা লেখেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।” পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার সম্পর্ক দৃঢ় ছিল। হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আসায় রাজনৈতিক পালাবদল ঘটেছে। তবে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। ভাগ হওয়ার পরেও দুই বাংলার মানুষের আবেগ, ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক আজও অটুট রয়েছে।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা এখনও চলছে। সময় যত গড়াচ্ছে, ততই আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র ঝুলিতে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে বৃহস্পতিবার, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসন। প্রাথমিক ফলাফলের প্রবণতা স্পষ্ট করছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে।

