বাংলাদেশে বিএনপি-র বড় জয়! তারেক রহমানকে বাংলায় অভিনন্দন জানালেন মোদী

নয়াদিল্লি: বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের পথে বিএনপি। ইতিমধ্যেই বাংলায় লিখে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ফলাফলের প্রবণতা জানাচ্ছে। এই পরিস্থিতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় পোস্ট করে মোদী লিখেছেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও মজবুত করার আহ্বান জানিয়ে মোদী বলেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” একই সঙ্গে তিনি আশ্বাস দেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।

শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার সকালে সমাজমাধ্যমে বাংলা ও ইংরেজি পোস্টে লিখেছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।” যুক্তরাষ্ট্রও জানিয়েছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে তারা একসঙ্গে কাজ করতে আগ্রহী।

প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক গণনায় বিএনপি-র ঝুলিতে এখন ১৭৯টি আসন, জামায়াতের ঝুলিতে ৬৮টি আসন এবং অন্য দলগুলির ঝুলিতে সাতটি আসন রয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসন। প্রাথমিক ফলাফলের প্রবণতা স্পষ্ট করছে, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।

About The Author