পাকিস্তানকে ‘টয়লেট পেপারের মতো’ ব্যবহার করেছে আমেরিকা, পাক সংসদে বিস্ফোরক মন্তব্য খাজা আসিফের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের জোটকে তীব্র সমালোচনা করেছেন।
মঙ্গলবার জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, কৌশলগত স্বার্থে ওয়াশিংটন ইসলামাবাদকে ব্যবহার করেছে, তারপর “টয়লেট পেপারের মতো” ছুঁড়ে ফেলে দিয়েছে। তাঁর মতে, ১৯৯৯ সালের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হওয়া ছিল একটি “ঐতিহাসিক ভুল”। আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় পাকিস্তান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে।
আসিফ বলেন, পাকিস্তানকে প্রায় টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে কাজে লাগিয়ে পরে ছুঁড়ে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই যুদ্ধে অংশ নিতে পাকিস্তানের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছিল, পাঠ্যক্রম বদলে দেওয়া হয়েছিল, যার প্রভাব আজও রয়ে গেছে। তাঁর ভাষায়, এটি ছিল একটি “ব্যয়বহুল জুয়া”, যা দেশটিতে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা ও উগ্রবাদের বীজ বপন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, সোভিয়েত-আফগান যুদ্ধকে জিহাদ হিসেবে প্রচার করা হয়েছিল, কিন্তু সেটি আসলে ছিল যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থের অংশ। পাকিস্তান ধর্মরক্ষার তাগিদে নয়, বরং পরাশক্তির সমর্থন পাওয়ার জন্য সেই যুদ্ধে অংশ নিয়েছিল। ৯/১১–এর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের সম্পৃক্ততাকেও তিনি সমালোচনা করেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত দেশটিকে তালেবানের বিরোধী অবস্থানে ঠেলে দেয়, অথচ আগে পাকিস্তান মুজাহিদিনদের সমর্থন দিয়েছিল, যাদের একটি অংশ পরে তালেবানে রূপ নেয়।

