কলকাতা: ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা রাখার নির্দেশ জারি করেছে নবান্ন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন সব সরকারি অফিস, এমনকি রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানও খোলা থাকবে এবং কর্মচারীদের যথারীতি কাজে যোগ দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন কোনও কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি দেওয়া হবে না। দিনের প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ বা পুরো দিন, কোনও ক্ষেত্রেই ছুটি মঞ্জুর হবে না। অনুপস্থিত থাকলে তা ‘ডাইস-নন’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মী ওই দিনের বেতন পাবেন না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে— যেমন হাসপাতালে ভর্তি থাকা, পরিবারে শোকজনিত কারণে অনুপস্থিতি, গুরুতর অসুস্থতার কারণে আগেই ছুটিতে থাকা বা আগাম অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ ও অর্জিত ছুটি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
নির্দেশে আরও বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুপস্থিত কর্মীদের প্রত্যেককে শো-কজ় নোটিস দিতে হবে। সন্তোষজনক জবাব ও প্রমাণ পেলে ছুটি মঞ্জুর হতে পারে, অন্যথায় অনুপস্থিতি ‘ডাইস-নন’ হিসেবে গণ্য হবে এবং বেতন কাটা যাবে। শো-কজ়ের জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। অর্থ দফতর জানিয়েছে, এই নির্দেশ বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়া ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করে রিপোর্ট জমা দিতে হবে।

