মুম্বইয়ে দেশের প্রথম ‘সংগীতময় পথ’ উদ্বোধন, নির্দিষ্ট গতিতে চললে বাজবে ‘জয় হো’

দেশের প্রথম সংগীতময় বা ‘মেলোডি’ পথ মায়ানগরী মুম্বইয়ের কোস্টাল রোডে শুরু হল। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ৫০০ মিটার দীর্ঘ এই বিশেষ পথাংশের। নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে এখানে স্থাপিত বিশেষ প্রযুক্তির মাধ্যমে গাড়ির ভিতরে শোনা যাবে বলিউডের অস্কারজয়ী জনপ্রিয় গান ‘জয় হো’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এই ধারণার মূল প্রস্তাবক প্রাক্তন শিবসেনা সাংসদ রাহুল শেওয়ালে, বিএমসির অতিরিক্ত পৌর আয়ুক্ত ড. অবিনাশ ঢাকনে সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী ফড়ণবীস জানান, এই অভিনব উদ্যোগ চালকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বইবাসীকে আহ্বান জানান নির্দিষ্ট গতিতে গাড়ি চালিয়ে এই সংগীতময় পথের অভিজ্ঞতা নিতে। তিনি আরও বলেন, সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একই ধরনের পাইলট প্রকল্প চালু করার বিষয়টি সরকার বিবেচনা করছে। তাঁর মতে, এই উদ্যোগ মুম্বইবাসীর মধ্যে দেশপ্রেমের অনুভূতি আরও দৃঢ় করবে।

About The Author