শিলিগুড়ি: একই কিশোরীকে দুজনেরই পছন্দ, সেই নিয়েই নাকি ভয়াবহ পরিণতি। দার্জিলিং জেলার মাটিগাড়া এলাকায় নিখোঁজের দু’দিন পর উদ্ধার হল ১৫ বছরের কিশোরের দেহ। সেই ঘটনার নেপথ্যে এমন কাণ্ড বলে দাবি।
স্থানীয়দের দাবি, প্রেমঘটিত বিরোধের জেরে তাকে খুন করেছে ২৫ বছরের এক যুবক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সাকুল্যে তিনজনের নামে FIR দায়ের হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কিশোরটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। দু’দিন পরই তার দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, একই মেয়েকে পছন্দ করাকে কেন্দ্র করে কিশোর ও যুবকের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিরোধই মূল কারণ বলে মনে করা হচ্ছে। তবে অন্য কোনও দিক থেকেও তদন্ত এগোচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কও ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, “এত ছোট বয়সে এমন ঘটনা অকল্পনীয়।” প্রশাসন জানিয়েছে, দ্রুত চার্জশিট দিয়ে মামলাটি আদালতে পেশ করা হবে।

