ধারে সিগারেট না পেয়ে দোকানে তাণ্ডব! বহিষ্কৃত তৃণমূল নেতা পার্থসারথি মুখোপাধ্যায়

শিলিগুড়ি: সিগারেট বাকিতে না দেওয়ায় দোকানে ভাঙচুরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা। ঘটনার পর হইচই হতেই দল বহিষ্কার করল অভিযুক্ত তৃণমূল নেতাকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা।

নকশালবাড়িতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক দোকানে ধারে সিগারেট না পেয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল যুব নেতা পার্থসারথি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ৬ ফেব্রুয়ারি রাত ১টা নাগাদ ওই নেতা দলবল নিয়ে দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগ। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দার্জিলিং জেলা রাজনীতি। অভিযুক্ত পার্থসারথি তৃণমূলের নকশালবাড়ি যুব শাখার সাধারণ সম্পাদক ছিলেন। দল ইতিমধ্যেই তাঁকে বহিষ্কার করেছে।

দোকানদার তপন পাল জানিয়েছেন, ওই রাতে একটি গাড়ি তাঁর দোকানের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে পার্থসারথি মুখোপাধ্যায় সিগারেট চান এবং জানান টাকা পরে দেবেন। তপনবাবু বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন নেতা। অভিযোগ, এরপরই তিনি দলবল নিয়ে দোকানে ঢুকে জিনিসপত্র তছনছ করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা, যা পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন।

বিজেপি বিধায়ক মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশের কাছে উপযুক্ত তদন্ত ও শাস্তির দাবি জানান। অন্যদিকে, তৃণমূলও বিষয়টিকে হালকাভাবে নেয়নি। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল দোকানদারের সঙ্গে দেখা করে বলেন, “আইন সকলের জন্য সমান।” দল অভিযুক্ত নেতাকে ‘শো-কজ়’ করে এবং পরে বহিষ্কার করে।

উল্লেখ্য, পার্থসারথি মুখোপাধ্যায় এর আগেও অঞ্চল সভাপতির দায়িত্বে থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন। এই ঘটনার পরেও তাঁর কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

About The Author