জলপাইগুড়ি: যুবসাথীর টাকায় পান-গুটখার পেছন খরচ করার প্রচ্ছন্ন বার্তা দিলেন ময়নাগুড়ির শাসক নেতা! ময়নাগুড়ি টাউন সভাপতির মন্তব্যে বিতর্ক, ভিডিও ঘিরে সরব বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ভিডিও। যদিও ভিডিওটি বিজেপি বানিয়েছে বলে দাবি তৃণমূলের।
ময়নাগুড়ি টাউন সভাপতি বিশ্বজিৎ সেনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে তিনি কর্মী সভায় মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। তবে তাতে তাঁকে বলতে শোনা যায়, আজকালকার যুব সমাজ পান, ঠান্ডা, গুটখা খাওয়ায় মাসে প্রায় হাজার টাকা খরচ হয়, সেই টাকা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প থেকে দেওয়া হয়, তাহলে তারা খুশি হবে এবং সমর্থন নিশ্চিত হবে। তিনি আরও বলেন, যুব সমাজের ভোট কিছুটা নেতিবাচক দিকে ছিল, কিন্তু যুবসাথীর মাধ্যমে দিদি বড় বার্তা দিয়েছেন, সেই ফসল তুলতে হবে।
তাঁর বক্তব্য, “আজকালকার ইয়াং ছেলেরা বড় পার্সেন্টেজে পান গুটখা খায়, ওদের ওটাতে হেল্প করতে হবে। তাদের যদি মাসে ১০০০ টাকাও খরচা হয় সেই টাকা দিদি দেবে, ওরা খুশি হবে।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি আক্রমণ করেছে। তাঁদের অভিযোগ, শাসকদল যুব সমাজকে ভাতা দিয়ে বিভ্রান্ত করছে। যদিও এই নিয়ে তৃণমূল যুব সভাপতির বক্তব্য, ভিডিওটি বিজেপি বানিয়ে প্রচার করছে। প্রকল্পের উদ্দেশ্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

