১ এপ্রিল থেকে চালু হচ্ছে ‘যুবসাথী’, মাসে ১,৫০০ টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা

কলকাতা: ১৫ অগাস্ট নয়, ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে যুবসাথী প্রকল্প! মঙ্গলবার নতুন করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন।

সরকারি নথি অনুযায়ী, মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ভাতা পাওয়া যাবে। বছরে একজন প্রাপক সর্বাধিক ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যেই অন্য কোনও সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁদের এই ভাতা দেওয়া হবে না। শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ এর বাইরে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে অনুপ্রেরণা পাবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ফর্ম জমা দেওয়া যাবে। প্রকল্পটি চালু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। এর জন্য রাজ্য সরকার ২০২৬-২৭ অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

About The Author