অভয়ার ৩৩তম জন্মদিনে অধরা বিচার, রাজপথে আক্ষেপ-প্রতিবাদ মা-বাবার

কলকাতা: অভয়ার ৩৩তম জন্মদিনে ফের গর্জে উঠল রাজপথ, পরিবারের অভিযোগ এখনও বিচার হয়নি

বারাসতের হৃদয়পুরে অভয়ার ৩৩তম জন্মদিনে স্মরণসভা আয়োজন করল স্থানীয় ফেসবুক গ্রুপ। গোলাপ চারা বিতরণের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। সেখানে উপস্থিত হয়ে অভয়ার মা বলেন, “মেয়ের জন্মদিনে আমাদের আবারও ন্যায় বিচার পাওয়ার অঙ্গীকার নেওয়ার দিন। এখনও সবকিছু আড়াল করার চেষ্টা হচ্ছে। কলকাতা পুলিশ যা করেছিল, সিবিআই সেটাতেই সিলমোহর দিয়েছে। কোনও স্বাধীন তদন্ত হয়নি। এর পিছনে অদৃশ্য হাত রয়েছে।”

অভয়ার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনও প্রশাসনের উপর আমাদের আস্থা নেই। সিবিআই তো সবচেয়ে খারাপ। কলকাতা পুলিশ যতটুকু করেছিল, সিবিআই তাও করেনি। দিল্লিতে সিবিআই অফিসে গেলে বারবার বোঝানো হয় সঞ্জয় একাই দোষী। এর বেশি প্রশ্ন করলে সিবিআই ডিরেক্টর আমাদের ভয় দেখান, বলেন মামলা ছেড়ে দেব।”

অভয়ার মা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, “SIR-এর জন্য লড়লেন, কিন্তু আমার মেয়ের জন্য লড়লেন না?” অভয়ার জন্মদিনে এই প্রতিবাদ আবারও মনে করিয়ে দিল, দীর্ঘদিন পরেও পরিবার এখনও সঠিক বিচার পায়নি বলে তাঁদের অভিযোগ। রাজপথে তাঁদের গর্জন স্পষ্ট করে দিল, ন্যায়বিচারের লড়াই থামবে না।

About The Author