মুম্বইয়ের নেহরু সেন্টারে আয়োজিত আরএসএস শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড তারকা সলমন খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘই এবং গীতিকার-লেখক প্রসূন যোশী। অনুষ্ঠানে সলমনকে দেখা যায় আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণ মনোযোগ দিয়ে শুনতে।
ভাগবত তাঁর বক্তব্যে বলেন, “সংঘ কোনও বিরোধিতা না করে দেশ ও জাতীয় ঐক্যের জন্য কাজ করে। ক্ষমতার লালসা আমাদের নেই।” তিনি আরও উল্লেখ করেন, আরএসএসের কাজ অনন্য এবং বিশ্বের অন্য কোথাও এমন সংগঠন দেখা যায় না।
দু’দিনের এই বক্তৃতা সিরিজের প্রথম দিনে সংঘের ভূমিকা, ভবিষ্যৎ দিশা এবং সমাজে তার প্রভাব নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংঘের প্রবীণ নেতারা ও আমন্ত্রিত বক্তারা। ভাগবত আরও বলেন, “হিন্দু কেবল পরিচয় নয়, এটি একটি গুণবাচক শব্দ। ভারতে বসবাসকারী সবাই এই বিস্তৃত অর্থে হিন্দু।” তিনি ভারতকে “ধর্মপ্রাণ দেশ” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিশ্বগুরু হওয়ার পথ কেবল বক্তৃতায় নয়, আচরণ ও উদাহরণে সম্ভব।

