রাজস্থানের কোটায় বহুতল ভেঙে মৃত্যু হল কোচবিহারের ছাত্র অনরণ্য কর্মকারের। গুরুতর আহত তাঁর মা, শোকস্তব্ধ কোচবিহার।
কোটার তালওয়ান্দি এলাকায় শনিবার রাতে একটি বহুতল ভেঙে পড়ে যায়। একতলায় ছিল একটি রেস্তরাঁ। সেখানে খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য কর্মকার এবং তাঁর মা সুদীপ্তা কর্মকার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনরণ্যের মৃত্যু হয়, তাঁর মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
অনরণ্য কোটায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক বছর ধরে তিনি মা-সহ কোটায় থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর বাবা অভিজিৎ কর্মকার শনিবার রাতেই কোটা রওনা দেন।
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, “আমরা জানতে পেরেছি, রাজস্থানের কোটায় কোচবিহারের অনরণ্য কর্মকার নামে এক ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাঁর মা আহত। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি।”
উল্লেখ্য, এই দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

