শিলিগুড়ি: আধঘণ্টা সময়ের মধ্যে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল ডুয়ার্স। সর্বোচ্চ ৪.২ মাত্রার কম্পন রেকর্ড, আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গে।
শনিবার সন্ধ্যায় সিকিম ও উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, মাত্র আধঘণ্টার মধ্যে চারবার কম্পন রেকর্ড করা হয়েছে।
রিখটার স্কেলে ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৩৫-এ। উৎস সিকিমের গেয়ালশিংয়ে। মাটির ৫ কিমি গভীরে।
এরপরের তিনটিই সিকিমের নামচিতে। সন্ধ্যা ৬টা ৩৪-এ ৩.৯ তীব্রতার কম্পন, ৬টা ৫৪-তে ২.৩ তীব্রতা এবং সন্ধ্যা ৭টা নাগাদ ২.৩ তীব্রতার কম্পন অনুভূত হয়।
শিলিগুড়িসহ ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সিকিমের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি। তাই মাঝারি মাত্রার কম্পনও সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।

