ভারতের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি ঘোষণা

ভারতের উপর থেকে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করল আমেরিকা। নতুন বাণিজ্য চুক্তিতে শুল্ক কমে হল ১৮%, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিল দুই দেশ।

ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে শুল্ক কমানোর কথা বলা হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ভাবে যৌথ বিবৃতিতে জানানো হল। ভারতের পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে আমেরিকা, জানালেন ট্রাম্প। দুই দেশের জন্যই স্বস্তি, প্রতিক্রিয়া মোদীর।

এখন থেকে ভারতীয় পণ্যের উপর শুল্ক হবে ১৮ শতাংশ। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা বড় স্বস্তি পেলেন। আমেরিকার দাবি, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ভারত আগামী পাঁচ বছরে আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান ও প্রযুক্তি পণ্য কিনবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, “দুই মহান দেশের জন্যই এটি সুখবর। বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় হবে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ভারত ও আমেরিকা আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি কাঠামো তৈরি করবে। তবে সতর্ক করে দেওয়া হয়েছে, ভারত যদি আবার রাশিয়ার তেল আমদানি শুরু করে, তাহলে অতিরিক্ত শুল্ক ফের আরোপ করা হতে পারে।

About The Author