ভারতের ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়, বৈভব সূর্যবংশীর ঝড়ে ধরাশায়ী ইংল্যান্ড

২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতল ভারতীয় দল। আয়ুশ মহাত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি ঘরে তুলল।

প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৪১১ রানের পাহাড় গড়ে। জবাবে ইংল্যান্ড দল ৩১১ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা কার্যত ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। অন্যদিকে, আরএস অম্বরীশ বল হাতে ৩ উইকেট শিকার করেন।

বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী জানান, ফাইনালের আগের রাতে ছেলে তাঁকে ফোন করে আক্ষেপ প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে আর সেঞ্চুরি পাচ্ছিলেন না বলে হতাশ ছিলেন বৈভব। তখন বাবা তাঁকে বলেন, “তুমি খুব ভাল খেলছো, হতাশ হওয়ার কিছু নেই।” এই কথাতেই বৈভবের টেনশন দূর হয়ে যায় এবং ফাইনালে তিনি নির্ভার হয়ে ব্যাট করে রেকর্ড ইনিংস খেলেন।

ইংল্যান্ডের হয়ে ক্যালেব ফ্যালকনার শতরান করলেও দলকে জেতাতে পারেননি। শেষপর্যন্ত ভারতের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে বৈভব সূর্যবংশী বলেন, “এই আনন্দ প্রকাশ করার মতো ভাষা আমার নেই। গত ৭-৮ মাস ধরে আমরা যে পরিশ্রম করেছি, তারই পুরস্কার আজ হাতে পেলাম। এই পুরস্কার আমি সাপোর্ট স্টাফদের উৎসর্গ করছি।”

About The Author