পিওকে-র সংসদে দাঁড়িয়ে ফের ভারতবিরোধী মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে তিনি ঘোষণা করেন, “শীঘ্রই পাকিস্তানের অংশ হবে কাশ্মীর।” তাঁর দাবি, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্না কাশ্মীরকে দেশের জীবনরেখা হিসাবে বর্ণনা করেছিলেন এবং সেই আদর্শই তাঁদের বিদেশ নীতির ভিত্তি।
শাহবাজ বলেন, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবলমাত্র সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে। পাশাপাশি তিনি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের দাবি তোলেন।
ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তান এদিনও পালন করেছে কাশ্মীর সংহতি দিবস। তবে আন্তর্জাতিক স্তরে এর ফলে পাক সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অভিযোগ উঠেছে, বছরের পর বছর ধরে চলতে থাকা হিংসা ও নিপীড়ন ঢাকতেই এই দিনটিকে ব্যবহার করছে পাকিস্তান। প্রবাসী কাশ্মীরিরা ও পাক নাগরিকদের একাংশও বিক্ষোভে শামিল হয়ে স্লোগান তুলেছেন, “সন্ত্রাসবাদ বন্ধ করুন।”
উল্লেখ্য, ১৯৯১ সালে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকাকালীন এই দিনটির সূচনা হয়। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে এবং দিনটিকে ভারতবিরোধী প্রচারের কাজে ব্যবহার করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

