কলকাতা: ২৬-এ বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুর আড়াইটায় বাজেট পেশ করবেন। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর এখন বাজেটের সম্ভাব্য ঘোষণার দিকে।
নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি ঘোষণা হতে পারে। গত বছরও একই হারে ভাতা বৃদ্ধি হয়েছিল। ভোটের আগে কর্মচারীদের মন জয়ের জন্য এবারও সেই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
সবচেয়ে আলোচিত বিষয় অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা বর্তমানে মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান ১,২০০ টাকা। এবার ভোটের আগে এই অর্থের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। গত কয়েক বছরে এই প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ হয়েছে এবং মহিলা ভোটারদের সমর্থন আদায়ে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
কর কাঠামোয় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বাজেটে জনমুখী একাধিক ঘোষণা থাকতে পারে, যেমন সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের সুবিধা, আশাকর্মীদের বেতন বৃদ্ধি ইত্যাদি।
রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে এই বাজেটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস মহিলা ভোটার ও সরকারি কর্মচারীদের দিকে বিশেষ নজর দিচ্ছে। বিরোধীরা অবশ্য বলছে, অন্তর্বর্তী বাজেটে দেওয়া প্রতিশ্রুতি কার্যকর হবে না।

