দত্তাবাদে স্বর্ণকার খুন মামলায় চার্জশিট পেশ পুলিশের, ‘পলাতক’ প্রশান্ত বর্মণ

কলকাতা: সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় চার্জশিট জমা দিল বিধাননগর পুলিশ। বুধবার আদালতে জমা দেওয়া এই চার্জশিটে পাঁচ জনকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। তবে মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ানো রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে ‘পলাতক’ বলে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে স্বপনের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে উঠে আসে প্রশান্ত বর্মণের নামও। তিনি বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা প্রথমে মঞ্জুর হয়। পরে হাই কোর্ট সেই নির্দেশ খারিজ করে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু প্রশান্ত আত্মসমর্পণ করেননি।

এরপর সুপ্রিম কোর্টও তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বলা হয়, আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করতে পারবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদালতে হাজির হননি। এর পরই রাজগঞ্জের বিডিও পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এখন দত্তাবাদ খুন মামলায় চার্জশিট জমা দিল বিধাননগর পুলিশ। প্রশান্ত এখনও অধরা, তাঁকে ‘পলাতক’ হিসেবে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। মামলাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

About The Author