‘বাংলাকে বুলডোজ করতে চাইছে ওরা’, সুপ্রিম কোর্টে আক্রমণ মমতার, মামলার পরবর্তী শুনানি সোমবার

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে মঙ্গলবার নজিরবিহীনভাবে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, “স্যার, ওরা বাংলাকে বুলডোজ করতে চাইছে।” প্রধান বিচারপতির উদ্দেশে তাঁর আর্জি, “গণতন্ত্রকে রক্ষা করুন।”

বিচারপতি সূর্য কান্তের এজলাসে তিনি সরাসরি অভিযোগ করেন, “ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে।” তাঁর দাবি, কমিশন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যাবতীয় নির্দেশ দিচ্ছে। এসআইআর মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিজেপি-শাসিত রাজ্য থেকে আধিকারিকদের মাইক্রো অবজার্ভার হিসেবে পাঠানো হচ্ছে এবং তাঁরা ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিচ্ছেন। তাঁর বক্তব্যে উঠে আসে, এই প্রক্রিয়ায় প্রায় ৫৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “ইআরও-দের কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপি-শাসিত রাজ্য থেকে আনা হয়েছে। অনেকে জীবিত রয়েছেন, অথচ তাঁদের নাম মুছে দেওয়া হচ্ছে। আমার আবেদন, মাইক্রো অবজার্ভারদের প্রত্যাহার করুন। গণতন্ত্রকে বাঁচান।”

প্রধান বিচারপতি সূর্য কান্ত এ প্রসঙ্গে বলেন, “রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। কোনও বৈধ ভোটার বাদ যাক আমরা চাই না। রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে, এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে।”

শীর্ষ আদালত মুখ্যমন্ত্রীর মামলায় কমিশনকে নোটিস জারি করেছে। শুনানি শেষে মমতা বলেন, “আমি খুবই ধন্য হয়েছি। মানুষের অধিকার রক্ষা করুন।” এরপর এজলাস ওঠার পর তাঁকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। মামলার পরবর্তী শুনানি সোমবার।

দেখুন এজলাসের ভিডিও

About The Author