আমার দু’পা কেটে নিয়েছিল! সংসদে বামেদের ‘শাসন’ বর্ণনা BJP সাংসদের

নয়াদিল্লি: রাজ্যসভায় বামেদের ‘লাল সন্ত্রাস’ মনে করালেন বিজেপি সাংসদ, টেবিলে রাখলেন নিজের কৃত্রিম পা! সংসদে বাজেট আলোচনা চলাকালীন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলেন সাংসদরা।

রাজনৈতিক হিংসা ও বামপন্থীদের নৃশংসতা তুলে ধরতে গিয়ে কেরলের বিজেপি সাংসদ সি সাদনানন্দ মাস্টার টেবিলের উপর রাখলেন তাঁর দুই কৃত্রিম পা। ৩১ বছর আগের ভয়াবহতার কথা স্মরণ করে তিনি বলেন, “সংসদে সর্বদা গণতন্ত্রের রব শোনা যায়, কিন্তু সেই গণতন্ত্রের ঢাক বাজানো কিছু ব্যক্তিই শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা এক নিরপরাধের দুই পা কেটে নিয়েছিল।”

সাদনানন্দ জানান, ১৯৯৪ সালের এক রাতে বোনের বিয়ের আলোচনা শেষে কাকার বাড়ি থেকে ফেরার পথে সিপিএমের দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। বাস থেকে নামার পর তাঁকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ বসানো হয়। তাঁর দুই পা কেটে নেওয়া হয়। হামলার সময় অপরাধীরা ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।

সাংসদ বলেন, “কোনও একসময় আমারও শক্তিশালী পা ছিল। কিন্তু আজ এই দুই কৃত্রিম পায়ের ভরসায় চলতে হয় আমাকে। সিপিএমের সেই নৃশংসতার কারণেই আমি সংসদে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারি না।”

এরপরই বামেদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, “এটাই হল লাল সন্ত্রাসের আসল চেহারা। এরা মুখে গণতন্ত্রের কথা বলে, আর আড়ালে বর্বরতা চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই লাল সন্ত্রাসের অবসান ঘটিয়েছেন। আজ চরমপন্থা নির্মূল হচ্ছে শুধু বল প্রয়োগে নয়, সত্য, সাহস এবং ন্যায়বিচারের মাধ্যমে।”

About The Author