নয়াদিল্লি: রাজধানীতে নির্বাচন কমিশনের বৈঠকের পরই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “কেন্দ্র টাকা দিক, সীমান্তে কাঁটাতার আমরা বসাব।” বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্ব আরও তীব্র হল।
বিজেপির বরাবরই অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলেই সীমান্তে ফেন্সিংয়ের কাজ আটকে রয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে আসছে বিজেপি। এবার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্তে আমরা ফেন্সিং করে দেব।” তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকরা প্রশ্ন করেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চের মধ্যে জমি দিতে হবে, রাজ্য সরকার কী পদক্ষেপ করছে? জবাবে মমতা জানান, রাজ্য ইতিমধ্যেই বহু জমি দিয়েছে। শুধু সীমান্ত নয়, কয়লা, অয়েল সেক্টর, এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ এবং রেলের জন্যও জমি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ফলে সমস্ত জমি এখনই আমি দিতে পারি না। আর পুরো সীমান্তের জন্য কেন তারা ভোটের আগেই এই ইস্যু তুলছে জানেন?’

