মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাতেই দিল্লি গেল রাজ্য পুলিশের স্পেশাল ২২

কলকাতা: রাজধানীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ঘিরে নতুন পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সোমবার রাতেই ১.৪০টার বিমানে বিশেষ নিরাপত্তা দল উড়ে গেল দিল্লিতে। জানা গেছে, একজন ডিএসপি ও একজন ইন্সপেক্টরের নেতৃত্বে মোট ২২ জনের একটি টিম ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

রাজনৈতিক উত্তেজনার আবহে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বঙ্গভবন ও মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা নিয়ে অভিযোগ ওঠার পরই রাজ্য পুলিশ এই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রশাসনিক সূত্রে খবর, এই দল মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রয়োজনে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় করবে।

রাজনৈতিক মহল মনে করছে, এই পদক্ষেপ কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের আবহে প্রতীকী গুরুত্ব বহন করছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগকে তৃণমূল কংগ্রেস ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছে, দিল্লিতে গিয়ে রাজ্য পুলিশের বিশেষ দল পাঠানো আসলেই কতটা কার্যকর হবে।

About The Author