নয়াদিল্লি: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত, শুল্ক কমল ২৫% থেকে ১৮%। মোদী-ট্রাম্পের ফোনালাপের পরেই ঘোষণা, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছল।
সোমবার রাতে আন্তর্জাতিক অঙ্গনে বড় ঘোষণা এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা প্রকাশ্যে আনলেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর চাপানো অতিরিক্ত জরিমানা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তি কার্যকর হলে ভারত ৫০,০০০ কোটি ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, কয়লা এবং অন্যান্য পণ্য কিনবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা ও ভেনেজ়ুয়েলা থেকে তেল কিনতে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী মোদীও এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, “ভারতে তৈরি পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, যখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ও দুই বৃহৎ অর্থনীতি একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষ উপকৃত হন।

