শিলিগুড়ি: রাস্তা দিয়ে তৃণমূলের মিছিল যাচ্ছে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় দুই যুবককে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ভক্তিনগরে। ঝামেলা থামাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মীও। ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী অভিযোগ করেন, শুধুমাত্র ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার কারণেই যুবকদের উপর হামলা চালানো হয়েছে। বিধায়ক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
জানা গেল, শিলিগুড়ির ভক্তিনগরে সোমবার বিকেলে SIR-এর প্রতিবাদে তৃণমূলের তরফে মিছিল বের হয়েছিল রাস্তায়। তখনই ঘটে এই কাণ্ড। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন যুবক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন, এতেই নাকি তৃণমূলের প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারীরা তাঁদের উপর চড়াও হন। প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও পরে তা ধস্তাধস্তি ও মারধরে রূপ নেয়। উত্তেজিত জনতার হামলায় দুই যুবক গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত দুই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তৃতীয় যুবক ঘটনাস্থল থেকে সরে পড়ে বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে এক পুলিশকর্মীও সামান্য জখম হন। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তবে এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

