নয়াদিল্লি: কালো পোশাকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজধানীতে সোমবার সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা চরমে। বঙ্গভবন ঘিরে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার সরাসরি নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে বৈঠকে যাওয়ার আগে তিনি প্রতীকী প্রতিবাদে কালো পোশাক পরিধান করেন। রাজনৈতিক মহল মনে করছে, এই পোশাকের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলার মানুষের ক্ষোভকে সামনে আনতে চেয়েছেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এসআইআর প্রক্রিয়ায় নিহতদের পরিবারের সদস্যদের কমিশনের কাছে পৌঁছতে না দেওয়ার জন্যই অতিরিক্ত নিরাপত্তা ঘেরাটোপ তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে তুলনা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে ছিলেন। বৈঠকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাকবিতণ্ডা হয়।
রাজনৈতিক মহল মনে করছে, কালো পোশাকে কমিশনে উপস্থিত হওয়া শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্বকে আরও প্রকট করে তোলার কৌশল। আসন্ন নির্বাচনের আগে এই পদক্ষেপে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল।

