মাধ্যমিক পরীক্ষার সময় স্কুলে বিস্ফোরণ, আতঙ্কে ছুটোছুটি পরীক্ষার্থীদের

কোচবিহার: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল কোচবিহারের তুফানগঞ্জে। সোমবার সকালে নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা ছুটোছুটি শুরু করেন।

কি ঘটেছে? স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। অভিভাবক ও স্থানীয়রা স্কুলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, মাধ্যমিক পরীক্ষার দিনে এমন ঘটনা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্পষ্ট করেছে।

ওই স্কুলে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা বসেছিল—বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুল মিলিয়ে প্রায় শতাধিক পরীক্ষার্থী। বিস্ফোরণের পরই পরীক্ষাকেন্দ্রে হইচই শুরু হয়।

তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ কর্মীরা দ্রুত জ্বলন্ত সিলিন্ডারটি স্কুল ভবনের বাইরে মাঠে নিয়ে যান। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে প্রাণহানি হয়নি এবং পরীক্ষার্থীরা পরে আবার পরীক্ষায় বসতে সক্ষম হন।

About The Author