বাজেটে একাধিক ঘোষণা: দুর্গাপুরে শিল্প করিডর, শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল

নয়াদিল্লি: রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ২০২৬-এ অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, প্রযুক্তি ও পরিকাঠামোকে কেন্দ্র করে একাধিক বড় ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ১৬তম অর্থ কমিশনের সুপারিশ মেনে নেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কমিয়ে ৪.৩ শতাংশে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর খাতে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং বায়োফার্মা শক্তি প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

উদ্ভাবনকে উৎসাহ দিতে মুম্বইয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি, যা অ্যানিমেশন ও গেমিং শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। পূর্ব ভারতে ডিজাইন সংক্রান্ত বিশেষ প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনাও রয়েছে।

পরিকাঠামো উন্নয়নে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। পাঁচ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি দেশে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিল্লি-বারাণসী, বারাণসী-শিলিগুড়ি, মুম্বই-পুনে, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু ও চেন্নাই-বেঙ্গালুরু রুট।

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘মহাত্মা গান্ধি গ্রাম সমাজ’ প্রকল্প চালু করা হয়েছে, যেখানে খাদি ও হাতে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে জোর দেওয়া হবে। বাজেটে দুর্গাপুরে শিল্প করিডর তৈরির ঘোষণা করা হয়েছে, যা পূর্ব ভারতের শিল্পোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে, মতামত গেরুয়া শিবিরের।

About The Author