‘বিশ্ব ঘুরে ভিক্ষে চাইতে হয়’, পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি শাহবাজ শরিফের

পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার রাতে ইসলামাবাদে শীর্ষ রফতানিকারকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “ফিল্ড মার্শাল আসিম মুনির আর আমি যখন পৃথিবী ঘুরে টাকা চাইতে যাই, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।”

শরিফ স্বীকার করেন, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দ্বিগুণ হলেও তার বড় অংশই এসেছে বন্ধুদেশগুলির ঋণ থেকে। তাঁর কথায়, ঋণ নেওয়া মানে আত্মসম্মানের উপর বিশাল আঘাত। অনেক সময় ঋণদাতাদের শর্তও মেনে নিতে হয়।

এই মন্তব্য এমন সময়ে এল, যখন পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সঙ্গে নতুন আর্থিক সহায়তা নিয়ে আলোচনায় বসেছে। শরিফ বলেন, অন্যের সাহায্যের উপর দাঁড়িয়ে কোনও জাতি দীর্ঘদিন মর্যাদা বজায় রাখতে পারে না।

চিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও কাতারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি তাঁদের ধন্যবাদ জানান। তবে বাস্তব চিত্র ভয়াবহ—দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে, বেকারত্বের হার ৭.১ শতাংশ, সরকারি ঋণ ছাড়িয়েছে ৭৬ হাজার বিলিয়ন রুপি।

ভারতীয় প্রেক্ষাপটে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। যখন ভারত একের পর এক বিদেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে এবং আস্থা অর্জন করছে, তখন প্রতিবেশী পাকিস্তান অর্থনৈতিক সংকটে মাথা উঁচু রাখতে পারছে না।

About The Author