আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ২ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা অর্থসাহায্য ঘোষণা কেন্দ্রের

কলকাতা: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াল কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

গত ২৫ জানুয়ারি মধ্যরাতে আনন্দপুরের বহুতল গুদামে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় দেড় দিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক।

রাজ্য সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ার চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। এবার কেন্দ্রীয় অর্থসাহায্য ঘোষণায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহল মনে করছে, রাজ্য ও কেন্দ্রের এই সমান্তরাল ক্ষতিপূরণ ঘোষণা দুর্ঘটনার ভয়াবহতা এবং জনমনে প্রভাবকে স্পষ্ট করে দিচ্ছে। পাশাপাশি, তদন্তে গাফিলতির বিষয়টি উঠে আসছে কিনা, তা নিয়েও নজর রাখছে প্রশাসন।

About The Author