কলকাতা: আনন্দপুর অগ্নিকাণ্ডের পর নাজিরাবাদে জারি হয়েছে ১৬৩ ধারা। এর মধ্যেই হাইকোর্টের অনুমতি নিয়ে আদালতের নির্দেশিত পথে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে হাঁটতে দেখা যায় শুভেন্দুকে।
কিন্তু কেন এই ছবি? শুভেন্দুর দাবি, ছবিতে মুখ্যমন্ত্রী যাঁর সঙ্গে রয়েছেন, তিনি আসলে ওই মোমো কারখানার মালিক। যে কারখানার অব্যবস্থাপনার কারণে তিন কর্মীর মৃত্যু হয়েছে। গোডাউন মালিক গঙ্গাধর দাস গ্রেফতার হয়েছেন, কিন্তু কারখানার মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না—এই প্রশ্নই তুলেছেন বিরোধীরা।
শুক্রবার পুলিশ মোমো কারখানার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দু বলেন, “গঙ্গাধর দাসকে যেমন গ্রেফতার করা হয়েছে, তেমনি মোমো সংস্থার মালিককেও গ্রেফতার করতে হবে।”
এদিন পাঁচ দফা দাবি নিয়ে মিছিল করেন তিনি—এর মধ্যে ছিল খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের গ্রেফতারি, স্থানীয় থানার আইসিকে সাসপেন্ড করা এবং দমকলমন্ত্রীর পদত্যাগ। রাজনৈতিক মহল মনে করছে, এই মিছিল রাজ্য রাজনীতিতে নতুন চাপানউতর তৈরি করেছে।

