মিমি চক্রবর্তী হেনস্থা কাণ্ডে গ্রেফতার তনয় শাস্ত্রী, অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে

কলকাতা: তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগের তদন্তে গিয়ে বনগাঁয় গ্রেফতার হলেন তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার রাতে বনগাঁ পুলিশ তাঁর বাড়িতে যায়।  অভিযোগ, তদন্তে সহযোগিতা না করে তিনি ও তাঁর দুই সহযোগী পুলিশের কাজে বাধা দেন। সূত্রের খবর, ধস্তাধস্তির পরই তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে ধৃতদের তোলা হবে।

বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “মিমির অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়েছিল পুলিশ। সেই সময় সরকারি কাজে বাধা দেওয়া হয়। তাই তনয়কে গ্রেফতার করা হয়েছে। তবে মিমির অভিযোগের তদন্ত আলাদাভাবে চলছে।”

প্রসঙ্গত, গত রবিবার রাতে বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় অনুষ্ঠানে গিয়ে মঞ্চে হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন মিমি। তাঁর দাবি, তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং তাঁকে নামতে বলেন। এরপরই তিনি অনুষ্ঠান অসমাপ্ত রেখে নেমে আসেন।

মিমি অভিযোগ করেছেন, তিনি তনয়ের বাড়িতে অতিথি হতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে এই ‘অন্যায়’ আচরণ করা হয়েছে। সোমবার থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাপানউতর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের পদক্ষেপে মিমি সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে, গ্রেপ্তারির পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রী। বেডে শুয়েই মিমিকে হুঁশিয়ারি দিলেন তিনি।

About The Author