কলকাতা: আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার আগে আলিপুর বডিগার্ড লাইনে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ভাষণে তিনি স্পষ্ট বার্তা দিলেন, সাহসই পুলিশের সবচেয়ে বড় অস্ত্র।
রাজীব কুমার বলেন, “বাংলার পুলিশ দেশের মধ্যে সেরা। মাওবাদী দমনে বিরাট ভূমিকা রয়েছে। আমাদের রাজ্যের মতো এত চ্যালেঞ্জ আর কোথাও নেই।” তিনি ব্যাখ্যা করেন, সাহস মানেই শুধু গুলি চালানো বা অ্যাকশন নয়, বরং সৎ সাহসের মাধ্যমে কঠিন পরিস্থিতি সামাল দেওয়া। হোমগার্ড থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা, সবাইকে তিনি সমানভাবে কৃতিত্ব দেন।
অবসরের আগে রাজীব কুমার বলেন, বাংলার পুলিশ দেশের সেরা। মাওবাদী দমন থেকে নানা চ্যালেঞ্জে তাঁদের ভূমিকা অনন্য। সাহসই পুলিশের সবচেয়ে বড় অস্ত্র বলে মন্তব্য করেন তিনি।
গত কয়েক বছরে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কখনও অশান্তি সামলাতে ব্যর্থতার অভিযোগ, আবার কখনও আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের সমালোচনা। এসব বিতর্কের মাঝেই বিদায়বেলায় রাজীব কুমারের বক্তব্যকে ওয়াকিবহল মহল মনে করছে পুলিশের পাশে থাকার বার্তা। ২০১৯ সালে সিবিআই হানার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এবার অবসরের আগে রাজীবও বাংলার পুলিশকে দেশের সেরা বলে অভিহিত করলেন।

