নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আগামী ফেব্রুয়ারি মাসে তিনি ইজরায়েল সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তেলআবিবে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।

আজার জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি খুব তাড়াতাড়ি তাঁর সঙ্গে দেখা হবে আমাদের।” ইতিমধ্যেই সফরকে কেন্দ্র করে সরকারি প্রস্তুতি শুরু হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, ইরান-গাজা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, কৃষি, জল ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং উচ্চ প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারত-ইজরায়েল সম্পর্ক আরও জোরদার হতে পারে।

গত কয়েক মাসে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা একে অপরের দেশে সফর করেছেন। বিদেশমন্ত্রী এস. জয়শংকর ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই ইজরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। ফলে মোদির এই সফরকে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

About The Author