আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পরিবারগুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।

মমতা বলেন, “বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যদেরকে সিভিকের চাকরি দেওয়ার জন্য।”

এর আগে রাজ্য সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দেহ বা দেহাংশ শনাক্তকরণের পরই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। এজন্য ডিএনএ পরীক্ষার অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ।

রবিবার ভোর রাতে আগুনে পুড়ে যায় আনন্দপুরের বহুতল আবাসন। দমকলের ১৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দেড় দিন পর আগুন নিয়ন্ত্রণে আনে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই ঘটনায় ইতিমধ্যেই দু’টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর চাকরির ঘোষণা শোকাহত পরিবারগুলিকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

About The Author