সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ১,৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার।
সিঙ্গুরের জমি আন্দোলনের স্মৃতি জাগিয়ে বুধবার ফের ইতিহাস রচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দশ দিনের মাথায় একই সিঙ্গুরের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করলেন বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন। পাশে ছিলেন ঘাটালের অভিনেতা-সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
মমতা জানান, কেন্দ্রীয় সরকার বারবার আবেদন সত্ত্বেও অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকারই এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্পে নদী বাঁধের উচ্চতা বৃদ্ধি, ৫০ কিমি নদী ও খাল খনন, ২টি পাম্প হাউস, ৩টি রেগুলেটর, একটি সেতু সম্প্রসারণ এবং ১০৪টি নতুন সেতু নির্মাণের কাজ হবে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২০২৭ সালের মার্চের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য ধার্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “ঘাটালের মানুষ বছরের পর বছর জলযন্ত্রণার শিকার। এই প্রকল্প তাঁদের স্থায়ী সমাধান দেবে।” রাজনৈতিক মহল মনে করছে, সিঙ্গুর থেকে এই ঘোষণা দিয়ে মমতা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বার্তা দেওয়ার পাশাপাশি ভোটের আগে জনমনে আস্থা বাড়াতে চাইছেন।

