মায়ের চোখের সামনেই মেয়েকে পিষে মারল বেপরোয়া গাড়ি, মালদায় চাঞ্চল্য

মালদা: আঁকার ক্লাস থেকে মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল ছোট্ট মেয়ে। পেছন থেকে আচমকাই ছুটে এল একটি বেপরোয়া চারচাকা। মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মালদার ইংলিশ বাজার থানার বিশ্বনাথ মোড় বাজার এলাকা। মায়ের চোখের সামনেই প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির ছাত্রী আরোহী বিশ্বাস।

সোমবার রাতে মা জুলি বিশ্বাসের সঙ্গে বাড়ি ফেরার পথে দ্রুতগতির গাড়িটি তাঁদের ধাক্কা মারে। গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহীর। আহত হন তাঁর মা। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করলেও আরোহীকে বাঁচানো যায়নি।

ঘটনার মুহূর্ত এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, মা ও মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন, ঠিক তখনই গাড়িটি তাঁদের ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বাজার এলাকায় প্রতিদিনই বেপরোয়া গাড়ি চলাচল করে, অথচ পুলিশি নজরদারি নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

About The Author