বাংলাদেশে ফেরার পথে আটক পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতীয় দালালকেও গ্রেপ্তার

অবৈধ ভাবে ভারতে এসে ফেরার পথে সীমান্তে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে ফেলল বিএসএফ। সেই সঙ্গে ভারতীয় দালালটিকেও গ্রেপ্তার করা হয়েছে, যার মদতে যাতায়াত করছে অনুপ্রবেশকারীরা।

ধৃত বাংলাদেশীদের নাম মহম্মদ কাউসার, মহম্মদ রজব আলি, মহম্মদ আলামিন নবি, মহম্মদ রবিউল আলম এবং রকি সেখ। এদিকে, তাঁদের অবৈধভাবে সীমান্ত পার করাতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিক রিপন বিশ্বাসকেও আটক করা হয়েছে। তাঁর বাড়ি হবিবপুর থানার পান্নাপুর এলাকায়।

পরে বিএসএফ ধৃত ছয় জনকেই হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার পান্নাপুর বিওপি-র ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রায়ই সীমান্ত পেরোনোর চেষ্টা করে এবং দালালদের সহযোগিতায় তা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

About The Author