‘দেশে BJP-কে রুখতে পারেন একমাত্র দিদি’, নবান্নে বৈঠক শেষে অখিলেশ যাদবের মন্তব্য

কলকাতা: দেশে বিজেপিকে রুখতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন দিদি বলেও দাবি করেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব স্পষ্ট জানালেন সেকথা।

তাঁর কথায়, দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের বৈঠকের পর তিনি বলেন, “দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।”

অখিলেশের বক্তব্যে উঠে আসে আইপ্যাক অফিসে ইডি অভিযান ও পেনড্রাইভ বিতর্কের প্রসঙ্গ। তাঁর দাবি, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন, আর সেটাই বিজেপি মেনে নিতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন, বাংলায় ভোট কাটার জন্যই এসআইআরকে অস্ত্র করেছে বিজেপি ও নির্বাচন কমিশন।

মমতা ও অখিলেশ যৌথ সাংবাদিক বৈঠকে জানান, তাঁদের আলোচনা সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ। অখিলেশ বলেন, বাংলায় বিজেপি সফল হবে না এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। বিরোধী ঐক্যের বার্তা আরও জোরালো হয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

About The Author