প্রথম মহাকাশে যান ২০০৬ সালে। শূন্যে হাঁটার রেকর্ডও তাঁর ঝুলিতে। সুনীতা উইলিয়ামস মহাকাশে মোট সাতবার স্পেসওয়াক করেছেন, যা তাঁকে মহাকাশ অভিযানের ইতিহাসে বিশেষ জায়গা দিয়েছে।
নাসার কিংবদন্তি নভশ্চর সুনীতা উইলিয়ামস অবসরে গেলেন। জীবনের দীর্ঘ কর্মজীবনে তিনি মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন, যা তাঁকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ নভশ্চর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মহাকাশচারী প্রথম মহাকাশে যান ২০০৬ সালে। এরপর একাধিকবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) দীর্ঘ সময় কাটিয়েছেন। মহাকাশে হাঁটার রেকর্ডও তাঁর ঝুলিতে রয়েছে। সুনীতা উইলিয়ামস মহাকাশে মোট সাতবার স্পেসওয়াক করেছেন, যা তাঁকে মহাকাশ অভিযানের ইতিহাসে বিশেষ জায়গা দিয়েছে।
তাঁর অবসরের খবরে নাসা জানিয়েছে, সুনীতা উইলিয়ামসের অবদান মহাকাশ গবেষণায় অমূল্য। তিনি শুধু মহাকাশে দীর্ঘ সময় কাটাননি, বরং নতুন প্রজন্মের মহাকাশচারীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে সুনীতা উইলিয়ামসকে ভারতেও বিশেষভাবে সম্মানিত করা হয়। তাঁর সাফল্য বহু তরুণ-তরুণীকে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় উৎসাহিত করেছে। অবসরের পর তিনি মহাকাশ গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

