কলকাতা: “নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে!”—বিস্মিত চন্দ্র বসু, শোরগোল SIR শুনানি ঘিরে
নেতাজির প্রপৌত্রকেও SIR নোটিস পাঠানোর খবরে শোরগোল শুরু হয়েছে রাজ্যে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় তাঁকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। নোটিস হাতে পেয়ে বিস্মিত ও ক্ষুব্ধ চন্দ্র বসু সরাসরি প্রশ্ন তুলেছেন, “নেতাজির প্রপৌত্র আমি, আমাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে! কোন পথে এগোচ্ছে ভারত?”
রাজ্য নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, তাঁর এনুমারেশন ফর্মে ‘লিঙ্কেজ’ কলামটি পূরণ করা হয়নি। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নাম যুক্ত করার অংশ ফাঁকা থাকায় তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। কমিশন জানিয়েছে, এটি নিয়মতান্ত্রিক পদক্ষেপ, কোনও বিশেষ ব্যক্তিকে লক্ষ্য করে নয়।
তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, স্বাধীনতা সংগ্রামী নেতাজির পরিবারের সদস্যকে এভাবে নোটিস পাঠানো অসম্মানজনক। এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ক্রিকেটার মহম্মদ শামি, এমনকি কয়েকজন সাংসদ-বিধায়ককেও একইভাবে শুনানিতে ডাকা হয়েছিল। প্রসঙ্গত, চন্দ্র বসু অতীতে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তবে ২০২৩ সালে দল ছাড়েন। ফলে তাঁর নামকে ঘিরে নোটিস পাঠানো ‘প্রতিশোধমূলক’ কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

