কলকাতা: শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, খেলতে হবে ভারতের মাটিতেই! বাংলাদেশকে দুই নতুন ভেন্যু সুপারিশ করবে আইসিসি।
টি-২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) অনীহা ও নিরাপত্তা দাবি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। প্রথমে তারা ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব দিয়েছিল, পরে প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তার জন্য আলাদা নিরাপত্তার দাবি তোলে। এই পরিস্থিতিতে আইসিসি নতুন সমাধান খুঁজছে।
জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আইসিসি শ্রীলঙ্কা বা পাকিস্তান নয়, বরং ভারতেরই দুই নতুন ভেন্যু বাংলাদেশকে সুপারিশ করবে। এই ভেন্যুগুলি বাংলাদেশের জন্য নিরপেক্ষ ও নিরাপদ, যাতে বাংলাদেশ দল চাপ ছাড়াই অংশ নিতে পারে, দাবি আইসিসির। আইসিসি মনে করছে, এভাবে টুর্নামেন্টের মর্যাদা বজায় থাকবে এবং বাংলাদেশও নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে।
বলাই বাহুল্য, এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট, ম্যাচ অন্যত্র সরানো সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রবিবার জয় শাহ BCCI কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি আলোচনা করেছেন।
বাংলাদেশকে বাদ দিলে টুর্নামেন্ট আইনি ও রাজনৈতিক জটিলতায় পড়বে। তাই আইসিসি বোর্ডে ভোটাভুটি এড়াতে বিকল্প ভেন্যুর প্রস্তাবই এখন সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। জয় শাহকে নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হবে, যাতে বিশ্বকাপের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

