রাশিয়ার তেল কিনলে ভারতের উপর ৫০০% শুল্ক! ট্রাম্পের সম্মতি পেল সেনেট বিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ও ইউরেনিয়াম কেনা নিয়ে কঠোর পদক্ষেপের পথে হাঁটলেন। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে যে বিল এনেছেন, তাতে বলা হয়েছে—যে কোনও দেশ যদি রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনে, তবে তাদের উপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। এই বিলের লক্ষ্য রাশিয়ার অর্থনৈতিক উৎস বন্ধ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে দুর্বল করা।

গ্রাহাম জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি বিলের সমর্থন পেয়েছেন। হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করেছে। বিলটি পাশ হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলিও এর আওতায় পড়তে পারে। বিশেষ করে ভারত রাশিয়ার তেল আমদানির অন্যতম বড় ক্রেতা হওয়ায় এই সিদ্ধান্তে দিল্লির উপর চাপ বাড়বে।

আইনটি সেনেটে ভোটে উঠতে পারে আগামী সপ্তাহেই। তবে পাশ হওয়ার সম্ভাবনা কতটা, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন বর্তমানে ইউক্রেন যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তির চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে বিলটি রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।

About The Author