ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ‘আত্মঘাতী’ হতে পারে: রিপোর্ট

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেল।

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রতিশোধমূলক পদক্ষেপ! অন্তর্বর্তী সরকারের নির্দেশ মেনে তারা ঘোষণা করেছে, বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে না বাংলাদেশ দল।

কিন্তু এই সিদ্ধান্তকে ক্রিকেট মহল ‘আত্মঘাতী’ বলেই মনে করছে। কারণ, আইসিসি ইতিমধ্যেই স্পষ্ট করেছে, কোনও দেশ রাজনৈতিক কারণে বিশ্বকাপ বর্জন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ক্ষেত্রে তা হতে পারে বড়সড় আর্থিক জরিমানা, সম্প্রচার ও স্পনসরশিপ চুক্তির ক্ষতি, এমনকি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভাবনাও।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মতো প্রভাবশালী দল না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েও বিশ্বকাপ আয়োজন সম্ভব। ফলে বিসিবি’র সিদ্ধান্তে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে দেশের ক্রিকেটারদের ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হবে।

আগামী ফেব্রুয়ারিতে কলকাতায় বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিরুদ্ধে। সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্তে শুধু বাংলাদেশ নয়, গোটা টুর্নামেন্টের সূচি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

About The Author