কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, “কোনও অপশক্তির কাছে মাথা নোয়াব না, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।”
১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে মমতা জানান, দলের মূল লক্ষ্য ছিল এবং আছে, দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। তিনি দলের কর্মীদের আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে শ্রদ্ধা জানান।
এদিন থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে পূর্ণমাত্রায় প্রচার শুরু করেছে। প্রথম পর্যায়ের নাম দেওয়া হয়েছে ‘বাংলার সমর্থনে সংযোগ’—যেখানে প্রায় ১,৮০০ বিশিষ্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড। দ্বিতীয় পর্যায়ের নাম ‘উন্নয়নের সংলাপ’, যা বুথ স্তরে অনুষ্ঠিত হবে।
- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, অপশক্তির কাছে মাথা নোয়াব না। দলের কর্মীদের ঐক্য ও সংগ্রামের ডাক দিলেন তিনি।

