ভারতকে নিয়ে কুকথা! বাংলাদেশ থেকে আসা গ্যাস ট্যাঙ্কার আটকে দিল স্থানীয়রা

বাংলাদেশি গ্যাস ট্যাঙ্কার আটক করে উত্তেজনা ত্রিপুরায়। অবরোধকারীদের দাবি, বাংলাদেশ ত্রিপুরার মাটি ব্যবহার করতে পারবে না। প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক।

জিরানিয়া উপবিভাগের বুধিজঙ্গনগর এলাকায় বাংলাদেশ থেকে আসা একাধিক গ্যাস ট্যাঙ্কার বা বুলেট গাড়ি আটকে দিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি করলেন স্থানীয় প্রতিবাদকারীরা। শনিবার দুপুরে প্রায় আটটি গাড়ি অবরোধ করে রাখা হয়।

অবরোধকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে ত্রিপুরার মাটি ব্যবহার করতে দেওয়া যাবে না। তাঁদের অভিযোগ, প্রতিবেশী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশি গাড়ির প্রবেশ মেনে নেওয়া যায় না। এক প্রতিবাদকারী বলেন, “আমরা বার্তা দিতে চাই, ত্রিপুরার মাটি ব্যবহার করে বাংলাদেশ কোনও সুবিধা নিতে পারবে না।”

প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ করা হয়। জিরানিয়ার এসডিএম অনিমেষ ধর জানান, খবর পেয়েই পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আলোচনা শুরু করে। অবরোধকারীরা একটি স্মারকলিপি জমা দেন। পরে রাস্তা থেকে গাড়িগুলি ছেড়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিকভাবে গুজব ছড়িয়েছিল, আটক ট্যাঙ্কারগুলি রাশিয়ান গ্যাস বহন করছে যা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে। তবে প্রশাসন জানিয়েছে, এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় কূটনৈতিক টানাপড়েনের প্রতিফলন স্পষ্ট। স্থানীয় মানুষজনের ক্ষোভে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

About The Author