জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, গুরুতর আহত আরও এক

জলপাইগুড়ি: জমির কাজ সেরে বাড়ি ফেরার পথে হাই রোডে উঠতেই মর্মান্তিক দুর্ঘটনা। সাইকেল হাতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা। গুরুতর আহত আরও এক।

সোমবার বিকেল পাঁচটার কিছু আগে দশদরগায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনা। ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেল, মৃতের নাম সফিজুল ইসলাম (৫৫) এবং গুরুতর আহতের নাম মহঃ শফিজুল (৪০)। দু’জনেরই বাড়ি বেলাকোবা অঞ্চলের ঘোষপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির কাজ সেরে বাড়ি ফেরার জন্য দু’জন তাঁদের যার যার সাইকেল সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কে উঠে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন দুই সফিজুল।

আচমকাই জলপাইগুড়ির দিকে থেকে একটি হোন্ডা আইটেন ছোট চার চাকার গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের ধাক্কা মারে। দু’জনই ছিটকে নয়ানজুলিতে গিয়ে পড়েন।

এরপর এলাকাবাসীরা একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহতকে জলপাইগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শেষ প্রাপ্ত খবরে, পরিবারের লোকজন তাকে শিলিগুড়ি এক নার্সিংহোমে ভর্তি করেছেন। 

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেন প্রায় এক ঘণ্টা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About The Author