“যে রামের নয়, সে কোনও কাজের নয়”— বিহারের রক্সৌলে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করে ফের রাজনৈতিক বিতর্কে আগুন দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তিনি সরাসরি আক্রমণ করেন কংগ্রেস ও আরজেডিকে। তাঁর অভিযোগ, একসময় এই দলগুলিই রামভক্তদের উপর গুলি চালিয়েছিল, রাম মন্দিরের বিরোধিতা করেছিল।
যোগী বলেন, “আমরা বলেছিলাম, রাম লাল্লা হুম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে। আজ অযোধ্যায় বিশাল মন্দির দাঁড়িয়ে আছে।” পাশাপাশি তিনি বিহারের ‘জঙ্গল রাজ’ প্রসঙ্গ টেনে আনেন। ১৯৯০ থেকে ২০০৫ পর্যন্ত রাজ্যে ৬০টিরও বেশি জাতিগত হত্যাকাণ্ড ও ৩০,০০০-এর বেশি অপহরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
আরজেডির প্রতীক ‘লণ্ঠন’কে কটাক্ষ করে যোগী বলেন, “এখন লণ্ঠনের সময় নয়, বিহার এগোচ্ছে এলইডি আলোর পথে।” তাঁর বক্তব্যে ধর্মীয় আবেগ, আইনশৃঙ্খলা ও উন্নয়নের বার্তা মিলিয়ে বিজেপির প্রচার কৌশল স্পষ্ট। তবে বিরোধীরা এই মন্তব্যকে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা বলেই দেখছে।

